নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬ ১০:৪১ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি বলেছেন, পাবনার দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে পাবনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে পাবনা রেল যোগাযোগের নতুন অধ্যায় সূচিত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ট্রেনের মাধ্যমে পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যাবসা-বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল তিনটায় পাবনা রেলওয়ে স্টেশনে পাবনা-ঢাকা-পাবনা রুটে পাবনা প্রভাতি এক্সপ্রেস ও গোধূলি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই রেল যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছে। আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন ট্রেনের মাধ্যমে যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার সারা দেশে আধুনিক রেল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। ইতোমধ্যে সিরাজগঞ্জ-বগুড়া, আখাউড়া-সিলেট, জয়দেবপুর-জামালপুরসহ বিভিন্ন রেলপথ নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের গুরুত্বপূর্ণ অংশের সক্ষমতা বৃদ্ধি, ঢাকা-কুমিল্লা কর্ড লাইন এবং রেল খাতে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।

মন্ত্রী বলেন, রেল যোগাযোগের আধুনিকায়নে ২০০টি নতুন যাত্রীবাহী কোচ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম চালানের কোচ দিয়ে পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে খুলনাসহ দেশের অন্যান্য অঞ্চলেও নতুন কোচ ও লোকোমোটিভ সংযোজনের মাধ্যমে রেলসেবা সম্প্রসারণ করা হবে। এ ছাড়া আরও ৪০০টি কোচ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। দেশের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেললাইন সংস্কার এবং নতুন করে উপযোগী করে তোলার কাজও চলছে।

পাবনার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুতে রেল সংযোগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। ইতোমধ্যে সেতুটির সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির অর্থায়নে আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের কাছে জবাবদিহি থাকা। পাবনাবাসী সরকারের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় সরকার কাজ করে যাবে। সড়ক, রেল ও নৌপরিবহণ খাতের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে বিশ্বাসী। বৈষম্য ও আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সমগ্র দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

বক্তৃতা শেষে মন্ত্রী ফিতা কেটে পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেন চলাচলের উদ্বোধন করেন এবং পরে ওই ট্রেনে করেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মাদ আলি আসগার , পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

অন্যান্যের মধ্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মাদ জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনসাধারণ, সুধীজন, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সোমবার সাপ্তাহিক ছুটি ব্যতীত পাবনা প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল আটটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বিকেল তিনটা ২৫ মিনিটে গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।