স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর বাজারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২ টার দিকে চন্ডিপুর বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আলুভর্তি একটি ট্রাক ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি চন্ডিপুর বাজার মোড়ে পৌছলে বিপরিতগামী থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে অন্তত ৭ জন আহত হন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে ট্রাক চালক নাসিরের অবস্থা আশংকা জনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেকে) প্ররণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাকচালক নাসির উদ্দীন (৩৫) বানিয়া পাড়া তেঁতুলতলা আব্দুল মজিদ ভেগল এর ছেলে। আহতরা হলেন, শহিদুল ইসলামের ছেলে তুষার, আলেক চাঁদ এর ছেলে শুভ, হুজুর এর ছেলে বাক্কার, ওহিদুল এর ছেলে সেলিম, আব্দুল মালেক এর ছেলে মানিক, এবং মানিকে এর ছেলে জুয়েল। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে।
