নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

নভেম্বর ২৮, ২০২৬ ১১:০২ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাত এখন অনেক এগিয়ে গেছে। প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। এ সম্পদের যথাযথ পরিচর্যা, সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজশাহী কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় এখানে প্রাণিসম্পদ খাতের আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় গবাদিপশু ও মাংসের চাহিদা পূরণে নানা সীমাবদ্ধতা থাকলেও, বর্তমানে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা খামারগুলো দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

মিজানুর রহমান মিনু বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলে। গবাদিপশু ও পাখির যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি শিশুদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে গড়ে তুলতে হবে।

রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতি সপ্তাহে বিপুলসংখ্যক গবাদিপশু কেনা-বেচা হয় এ হাটে। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পশু সরবরাহ করা হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রাজশাহীতে বৃহত্তর পরিসরে একটি আধুনিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন মন্ত্রী।

এসময় তিনি এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা এগারোটায় সিএন্ডবি মোড় হতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী বাংলাদেশ শিশু একাডেমি গিয়ে শেষ হয়। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। পরে গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঢাকায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিওটি বড়ো পর্দায় দেখানো হয়।

এসময় রাজশাহী জেলার সেরা দশজন খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ এবং ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।