নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

নভেম্বর ২৯, ২০২৬ ১০:০৩ 👁️ ৯ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) গোদাগাড়ী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৪৬) বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় এই এজাহার দায়ের করেন। মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর মোড়ে অবস্থিত বিএনপি পার্টি অফিসে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পলাতক আসামি মোঃ সারিকুল মেম্বারের (৪০) নেতৃত্বে ও নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও মশাল নিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা দলীয় কার্যালয়টিতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় সাক্ষী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করতে সক্ষম হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত সারিকুল মেম্বারসহ অন্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, শাকিবুল হাসান (১৬), সজীব আলী (১৬), সিফাত আলী (১৭), রোকন (১৬), জীবন হোসেন (১৬), সবুজ (১৬), মাহি (১৬), সোহান হোসেন (১৬), সিফাত সিহাব আলী (১৬), আরমান আলী (১৬), আবির হাসান (২২), আসাদুল ইসলাম রুবেল (২১), হামিদুর রহমান (২০), আঃ গাফফার (১৯) এবং সাহাবুল ইসলাম (২৮)। আটককৃতদের সবার বাড়ি গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।