নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জুলাই সনদ নিয়ে আজকেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই : আলী রীয়াজ

জুলাই ৩১, ২০২৫ ৩:৩৮ 👁️ ৫৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, আজকের মধ্যে সব বিষয়ে নিষ্পত্তি করে আলোচনা শেষ করতে পারব। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো এবং যেসব বিষয়ে ভিন্নমত থাকবে, সেগুলোর তালিকা আপনাদের জানানো হবে। সেই ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি করা হবে এবং সকল দলের স্বাক্ষরের মাধ্যমে তাকে চূড়ান্ত রূপ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

আমরা আজকের মধ্যেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই। আজকের আলোচনার পরেই আমরা চূড়ান্ত তালিকা তৈরি করে আপনাদের জানাব এবং আশা করি, সবাই তাতে স্বাক্ষর করবেন। এটাই আমাদের আজকের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য পূরণেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘সনদের টেক্সট নিয়ে ইতোমধ্যে আপনাদের পরিবর্তন, সংশোধন বিষয়ক মতামতগুলো আমরা পেয়েছি এবং তা প্রতিফলনের ভিত্তিতে চূড়ান্ত টেক্সট তৈরি করছি।

‘সনদের দুটি দিক রয়েছে- একটি হচ্ছে পটভূমিসহ আমরা কী কী বিষয়ে একমত হয়েছি এবং অপরটি হচ্ছে ভবিষ্যতে আবার আলোচনায় বসার প্রতিশ্রুতি।’

তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের। আমরা বিশ্বাস করি, যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। সেখানে জাতীয় ঐক্যমত কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

‘পরবর্তী সময়ে প্রয়োজনবোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজনে বসবে।’

আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান সম্পর্কিত বিধান; উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার; রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ; রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব; তত্ত্বাবধায়ক সরকার; নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল, ছয়টি কমিশনের সুপারিশের সারাংশ আপনাদের কাছে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের আলোচনায় অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে এবং তার একটি তালিকাও আপনাদের সরবরাহ করা হয়েছে।’

কমিশন দ্বিতীয় ধাপের সংলাপ এদিনই শেষ করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘আজকের আলোচনায় অনেকগুলো বিষয় আছে, যেগুলো মূলত সিদ্ধান্তের বিষয়। বিশেষ করে যে দায়িত্বগুলো আপনারা আমাদের ওপর অর্পণ করেছেন, তার মধ্যে যেগুলোতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে- সেগুলো আমরা আপনাদের অবহিত করব। এছাড়া কিছু অনালোচিত বিষয় রয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা ফ্লোর থেকে সিদ্ধান্ত নিতে চাই।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

আজকের আলোচনার শুরুতে আমরা সেইসব বিষয়ে যাব- যেগুলো নিয়ে আগের দিনে আলোচনা হয়েছে, যেমন সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিষয়ে আলোচনা। সেখান থেকে আলোচনা শুরু করব এবং আজকের মধ্য দিয়ে আলোচনার এই পর্বের নিষ্পত্তি করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তা হচ্ছে প্রায় ১৩টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও নোট অব ডিসেন্টের সুযোগ ছিল এবং তা এখনো আছে। আজকের আলোচনায়ও কোনো ভিন্নমত থাকলে, তা রেজিস্টার করার সুযোগ থাকবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।