নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চায় যুক্তরাষ্ট্র

নভেম্বর ১২, ২০২৬ ১:০৯ 👁️ ৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসার কথা বিবেচেনা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্ভাব্য বৈঠকে উপসাগরীয় দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সমঝোতা কিংবা চুক্তি বিষয়ে আলোচনা করবে ওয়াশিংটনের প্রতিনিধিদল। এ বিষয়ে একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভ্যান্স এখন যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সুযোগ দিতে আগ্রহী। তবে ভ্যান্স ও ইরানি কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মোহসেন রেজাইকে বৈঠকের প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন ভ্যান্স। সূত্রগুলো জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে দুই দেশই মধ্যস্থতাকারী ও মিত্রদের সঙ্গে আলোচনা করেছে।

তবে রেজাই যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তিনি সম্ভাব্য আলোচনাকে ‘কাল্পনিক আলাপ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বলেছেন, ইরান ‘দেশ থেকে সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও সরিয়ে নেবে না’।

এদিকে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের পরাজয়ের একদিন পর ভ্যান্স দলের খারাপ ফলাফলের জন্য অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করেছেন।

ইরানি কর্মকর্তারা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় তেহরানকে ওয়াশিংটনের কাছে নিজেদের দাবি জানানোর সুযোগ করে দিয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়া এবং তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এসব দাবিকে অবাস্তব বলে অভিহিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যস্থতাকারীরা উত্তেজনা কমানোর একটি প্রস্তাব দিয়েছেন। এর আওতায় বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরিগুলোকে ইরান থেকে যথেষ্ট দূরে সরিয়ে নেবে এবং দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে ২৫টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেবে ইরান।

তবে ইরানি কূটনীতিকেরা কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে সন্দিহান। তাদের আশঙ্কা, চুক্তি হলেও ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারেন। গত সোমবার ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হামলা চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, রুবিও ও হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার ইরান ছাড় না দেওয়া পর্যন্ত দেশটির ওপর চাপ অব্যাহত রাখার পক্ষে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।