নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

নভেম্বর ২৪, ২০২৬ ৬:৪৮ 👁️ ৩৮ views
Link Copied!

উমংনু মারমা (বান্দরবান) : বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংঘদান, ধর্মদেশনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপন করা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও পুণ্যার্থীরা বিহার প্রাঙ্গণে সমবেত হন। তাঁদের উপস্থিতিতে পুরো বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের ধর্মীয় কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টায় অতিথি ও পুণ্যার্থীদের আপ্যায়ন করা হয়। পরে দুপুর আড়াইটায় সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টম সংঘরাজ ও বান্দরবানের বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের। প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।

এ সময় রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উঃ পঞ্ঞা নাইন্দা মহাথের, বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সংঘ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফয়েজ এবং রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্মীয় অবদানের স্বীকৃতিস্বরূপের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার উৎসব উদ্‌যাপন কমিটির উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অষ্টম সংঘরাজ ও বান্দরবানের বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের ও প্রধান ধর্মদেশক হিসেবে সম্মাননা গ্রহণ করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ওয়াইন্নিতা থের। বিশেষ ধর্মদেশক হিসেবে সম্মাননা পান তাইম্রংছড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাশ্রী ভিক্ষু। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি হ্লামং মারমা জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে রাত ১টা থেকে পরবর্তী ধর্মীয় আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসবের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ভিক্ষুদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর (বস্ত্র) দানের মাধ্যমে পুণ্য অর্জন, ত্যাগ, সংযম ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ উৎসবের মূল তাৎপর্য। রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়া বৌদ্ধ বিহারে ধারাবাহিকভাবে কঠিন চীবর দান অনুষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ২০২৬ইং এর ৫৮তম এ আয়োজনের মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।