অনলাইন ডেস্ক : ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ রেকর্ড। আত্মহত্যাকারীদের মধ্যে গাজা যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনারাও রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি… ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ রেকর্ড। আত্মহত্যাকারীদের মধ্যে গাজা যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনারাও রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। তারা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে আত্মহত্যার সময় তারা আর সক্রিয় দায়িত্বে ছিলেন না।এছাড়া ২০২৬ সালে ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্রমবর্ধমান এই মৃত্যুর ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর মধ্যে গভীরতর মানসিক স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক বাহিনী।
হারেৎজ জানায়, গাজা যুদ্ধ শুরুর আগে এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২।
তবে সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে সংকটের পূর্ণ চিত্র উঠে আসেনি। কারণ, সক্রিয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আত্মহত্যা করা সেনাদের তথ্য এসব পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয় না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত বছর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ২০২৩ সাল থেকে এ ধরনের ১৫টি আত্মহত্যার ঘটনা শনাক্ত করেছে তারা।
সেনাবাহিনীর জনবলবিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তা হারেৎজকে বলেন, ‘হয়তো ১৫টি ঘটনার হিসাবটি প্রকৃত সংখ্যার চেয়ে কম ছিল। তবে আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা আমাদের নজর এড়িয়ে গেলেও আত্মহত্যার সংখ্যা যে বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।’ হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণাকেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, বিশেষ করে ২০২৬ সাল ও এর পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনারা আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন।
তিনি বলেন, ‘আত্মহত্যার হার বিবেচনায় আগামী বছরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপ নিতে পারে।’
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, চলতি বছর আত্মহত্যা করা সাবেক ১৭ সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা। আরেকটি ঘটনা এখনো পর্যালোচনাধীন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর আত্মহত্যা করা সক্রিয় দায়িত্বে থাকা অধিকাংশ সেনা এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটেই এ সংকট আরও গভীর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ইসরায়েলের অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আঞ্চলিক পর্যায়েও তাদের অভিযান সম্প্রসারণ করেছে। গত বছর থেকে ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়ানোর পাশাপাশি লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা চালিয়েছে দেশটি। একই সময়ে সিরিয়ায় প্রায় প্রতিদিনই স্থল অভিযান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে ফিলিস্তিনের পাশাপাশি লেবানন ও সিরিয়ার বিভিন্ন ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিকভাবে প্রত্যাহারের দাবি জানানো হলেও তা উপেক্ষা করে যাচ্ছে দেশটি। একই সঙ্গে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথেও বাধা সৃষ্টি করছে ইসরায়েল।
সূত্র: তাসনিম নিউজ

