হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ : অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের দাবি জানানো হয়।
আয়োজকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ, মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি, এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের সম্পত্তি সুরক্ষা, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযোগের সত্যতা সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যদিকে, কোনো পরিবার যেন ভয়ভীতি, হামলা কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

