চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরিদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার পুঠিমারী গ্রামের শুকুর মন্ডলের ছেলে।
নিহতের ভাই মোহাম্মদ মুসা জানান, ইসমাইল একটি পোল্ট্রি মুরগির খামারে চাকরি করতেন। শুক্রবার সকালে খামারের হিসাবনিকাশ শেষ করে মোটরসাইকেলযোগে চারঘাট বাজারে যাচ্ছিলেন। পথে ফরিদপুর মোড়ের পশ্চিম পাশে একটি কালভার্টের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সাহাকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ কারণে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহত ইসমাইলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

