স্টাফ রিপোর্টার : দেশের জ্বালানি সংকট মোকাবিলায় টেকসই বায়োগ্যাস প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার কক্সবাজারের লিংক রোড-সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহারিক উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে একটি বুকলেট তৈরি করা হবে। এটি মাঠপর্যায়ে বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করা হবে। বর্তমানে সীমিত পরিসরে বাস্তবায়িত এ কার্যক্রম ভবিষ্যতে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজ দেশের প্রকৃত চালিকাশক্তি। তারাই আগামী দিনের নেতৃত্ব দিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করবে। সময়ের চাহিদা বিবেচনায় যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ ট্রেডগুলো আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো যুগোপযোগী খাতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গৃহস্থালির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুব উন্নয়নের প্রতিটি সেবা দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করতে দুই খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ দেওয়া হয়।

