স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় শাহমখদুম থানা পুলিশ রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার উচা বাজার গ্রামের মো: দেলোয়ার হোসেনের মেয়ে ও মো: তিতাসের স্ত্রী বর্তমানে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাসরত মোছা: দোলা খাতুন (১৯) এবং কয়েরদাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী বর্তমানে বোয়ালিয়া থানার সুজানগর উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাসরত বিউটি খাতুন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজানগর উত্তরপাড়া গ্রামে বিউটি খাতুনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ১৯০ টাকা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিউটি খাতুনের বিরুদ্ধে বোয়ালিয়া ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪টি মামলা রয়েছে।
এছাড়াও মতিহার থানা পুলিশ গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার তালাইমারী মোড় (বালুর ঘাট) গ্রামের মো: শরিফুল ইসলাম ওরফে শরিফের ছেলে মো: সজীব ওরফে হৃদয় হোসেন ওরফে সেতু (৩৮)- এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সেতুকে গ্রেপ্তার করে। এসময় সেতুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

