নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আট জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তল্লা গ্রামের মো. সাঈদের ছেলে লিটন একই গ্রামের মৃত মজর আলীর ছেলে দবেরের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। এছাড়া দবেরের কাছ থেকে একই গ্রামের ইয়াদ আলীর ছেলে সাগর কিছু জমি ক্রয় করেন।
এ নিয়ে দীর্ঘদিন ধরে লিটন ও সাগরের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল ৯টার দিকে ওই জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আট জন আহত হন।
আহতদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম দুপুরে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

