স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে যায়। একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়টি স্থাপন করা হয়েছিল।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। তারাই এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে তারা মনে করছেন। কলমা ইউনিয়নে তাদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
