স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার স্থান থেকে পালিয়ে গেছে চক্রের অন্যতম সদস্যসহ আরও কয়েকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপশহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল সেক্টর-২ এলাকার একটি প্লটের ছাপড়া টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় পবা থানার বাগধানী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সজিব (২৭) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান (২০) কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুরতার সাথে চম্পট দেয় রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার বিপ্লব আলী (৩৯) সহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জন। পলাতক ও গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুসংগঠিতভাবে রাজশাহী মহানগরের বিভিন্ন স্থানে মাদকের কারবার চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় সংশ্লিষ্ট বোয়ালিয়া থানায় আসামিদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও অন্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

