নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষর করানোর প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

অক্টোবর ৭, ২০২৬ ১০:৫৬ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং কথিত ‘মব কালচার’ বন্ধের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম বলেন, ‌‘মঙ্গলবার একটি ন্যক্কারজনক মব তৈরি করে আমাদের জাওয়াদুল স্যারকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। আমরা যারা এর সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সবাইকে এই মব কালচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমাদের রোগীদের চিকিৎসা ও অপারেশন করার কথা অথচ আজ রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। স্বাস্থ্যসেবায় সুষ্ঠু পরিবেশ চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তাসমিয়া আক্তার বলেন, ‘মঙ্গলবার মব তৈরি করে স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা চাই না ভবিষ্যতে কোনো শিক্ষক বা চিকিৎসককে এভাবে অপমানিত হতে হয়। জাওয়াদুল স্যার একজন অত্যন্ত ভালো মানুষ। এই ঘটনার বিচার চাই।’

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আহসান বলেন, ‘মঙ্গলবার একজন আন্তরিক চিকিৎসক ও শিক্ষকের উপর মব তৈরি করে অন্যায় করা হয়েছে। এতে চিকিৎসক সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা এর প্রতিবাদ জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। ওই সময় অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান নির্মাণকাজ নিয়ে ভার্চুয়াল সভায় অংশ নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রামেবির উপ-রেজিস্ট্রার মো. মোফাকখারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ওই দলটি উপাচার্যকে কোনো কিছু না পড়েই একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চাপ দেয়। এ সময় তার ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন বাধা দিলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়। পরে উপাচার্য ও তার ব্যক্তিগত সহকারীর স্বাক্ষর করা দুটি পদত্যাগপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি উপাচার্যের মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সিসিটিভি সরঞ্জাম খুলে নেওয়া, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং কয়েকটি কক্ষ তালাবদ্ধ করে রাখার অভিযোগও ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয় বলে কর্মকর্তারা জানান।
এদিকে, উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন মঙ্গলবার রাতে রাজপাড়া থানায় এ ঘটনায় মামলা করেন। মামলায় উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোসহ সংশ্লিষ্ট ঘটনার অভিযোগ আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।