জয়পুরহাট প্রতিনিধি : একসময় জয়পুরহাটের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানের লাইব্রেরি ও ক্লাব। অথচ দীর্ঘ ঐতিহ্যের সেই প্রতিষ্ঠানটি এখন কার্যত নিস্তব্ধ। কয়েক মাস ধরে বন্ধ রয়েছে এর সব ধরনের কার্যক্রম।
প্রায় ৮০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠানটি বর্তমানে নানা সংকটে জর্জরিত। জরাজীর্ণ ভবন, অর্থসংকট, প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা না থাকা এবং দেখভালের জন্য পর্যাপ্ত লোকবল না থাকায় ধীরে ধীরে এর কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় ভবনের জানালার গ্রিল, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্রও চুরি হয়ে গেছে।
স্থানীয় সুধীজনদের মতে, একসময় এই লাইব্রেরি ছিল জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে এর এমন পরিণতি জেলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য হতাশাজনক। একটি সুস্থ ও পাঠকবান্ধব সমাজ গড়ে তুলতে এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য-সংস্কৃতির চর্চা ধরে রাখতে প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত পুনরায় চালু করা প্রয়োজন।
তারা বলেন, পুরোনো ভবনটি সংস্কারের পাশাপাশি প্রয়োজন হলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন অবকাঠামো নির্মাণ করা যেতে পারে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি।
জানা গেছে, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। আর প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত, সেই জমি জেলা পরিষদের অন্তর্ভুক্ত।

