অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ার আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে কার্যক্রম চালু রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
এই দীর্ঘ ছুটির কারণে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে যাতে সমস্যা না হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংক ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ছুটির মধ্যেও দেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
বিশেষ করে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নির্বিঘ্ন রাখতে এসব শাখা ও বুথে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম ছুটিতে বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট জরুরি ব্যাংকিং সেবা নির্ধারিত স্থানে সীমিত পরিসরে চালু থাকবে।

