নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

অক্টোবর ২১, ২০২৬ ১০:০১ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

বুধবার মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া, তাঁদের কোনো সমস্যা রয়েছে কি না তা চিহ্নিত করা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুনঃ  এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান

নিজের অবস্থানের পেছনে মানিকগঞ্জের মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে আফরোজা খানম বলেন, জনগণের এই আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। দেশকে ভালোবাসি বলেই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, এ জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির এই বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত নানা দাবি তুলে ধরা হয়। খাদ্যমন্ত্রী দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।