স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ সদর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।
মন্ত্রী বলেন, আপনাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত সময়ের তুলনায় এবার আপনারা আরো বেশি সহায়তা পাচ্ছেন। আগে যেখানে ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল, এবার সেখানে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের নতুন শাড়ি নিয়ে এসেছি। আপনারা এই শাড়ি পূজার দিনে পরবেন।
মন্ত্রী আরো বলেন, সরকার মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে কোনো মানুষ অসহায় বোধ না করেন। দেশের স্বার্থে, নিজ নিজ এলাকার উন্নয়নে এবং একটি সুন্দর মানিকগঞ্জ গড়ে তুলতে তিনি সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান। এসময় তিনি মানিকগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নিয়মিত সাহায্য-সহযোগিতা করার জন্য খাদ্যমন্ত্রী আফরোজা খানমের প্রতিও কৃতজ্ঞতা জানান।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজার সার্বজনীন দুর্গামন্দির, ঘোনা সদরপুর ছোট কালীবাড়ি মন্দির ও বাংলাদেশ হাট সার্বজনীন দুর্গামন্দির এবং সাটুরিয়া উপজেলার সার্বজনীন হরিসভা দুর্গামন্দির, নিরাবনের আঙ্গিনার সার্বজনীন দুর্গামন্দির, শ্রী শ্রী কালী মন্দির সার্বজনীন সংঘ, পাতিলাপাড়া আনন্দ সূত্রধরের বাড়ি দুর্গামন্দির, জালশুকা নাশুরপুর যুবসংঘ সার্বজনীন দুর্গামন্দির, বালিয়াটি চিন্ময় সংঘ দুর্গামন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, ভাণ্ডারীপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং পুকুরহাটি মাঝিপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
খাদ্যমন্ত্রী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বিভিন্ন পূজামণ্ডপ আর্থিক অনুদান প্রদান করেন।

