নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

নভেম্বর ১০, ২০২৬ ১১:৩৪ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দুই বছর আগে স্থগিত হওয়া ইন্টার্নশিপের সুযোগ ফিরে পেতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলতে গিয়ে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শুভ ও নাহিদ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গেলে তাদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তারা হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের সঙ্গে যোগাযোগ করছিলেন। মঙ্গলবার তার মাধ্যমে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হয়। এ জন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল কর্মীরা সেখানে গিয়ে তাদের মারধর করেন। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতাল এলাকায় অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়।

তাদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল। গাড়িতে তোলার সময় সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল কর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে মারধর শুরু হলে শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। তখন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন কয়েকজন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতাকর্মীদের ছাত্রলীগবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় তারা পুনরায় ইন্টার্নশিপের সুযোগ পেতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার হাসপাতালে যান তারা।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী নতুন করে আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তারা ইন্টার্নশিপ করতে পারবেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু গণমাধ্যমকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ এর আগের বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের কক্ষে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ে যায়। তারা এ ঘটনায় আইনানুগ শাস্তির দাবি জানান।

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, শুভ ও নাহিদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।