স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও সাম্প্রতিক রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, রাতের পাহারা ও পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঘটনার পর রোববার (২৯ নভেম্বর) দুপুরে পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরো বললেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও ভূমিসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের স্থাপনায় হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেছেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক ছড়াতে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নৈশপ্রহরী মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেছেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা চালানো হয়।
ইউএনও বলেন, ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি বিস্ফোরিত হয়নি। নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

