স্টাফ রিপোর্টার : ক্যানসার চিকিৎসার উন্নয়নে প্রয়োজনে স্বাস্থ্য খাতের বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে।
সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট দেশে রয়েছেন। প্রয়োজনে তাঁদের আগামী তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৭ বছরের শাসনামলে এ খাত অনেক পিছিয়ে গেছে। এখন স্বাস্থ্য খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।

