স্টাফ রিপোর্টার : ডাক বিভাগের সেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে মন্ত্রীর কার্যালয়ে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
মন্ত্রী বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তাঁরা ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এর আগে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

