স্টাফ রিপোর্টার : ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে মনি চত্বর ও মালোপাড়া হয়ে অলকার মোড়ে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন রাসিক প্রশাসক। দিবসটিতে নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এবং বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকেরা জানান, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের অন্তর্ভুক্তি উৎসাহিত করা এবং সুস্বাস্থ্য গঠনে ডিমের ভূমিকা তুলে ধরাই দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য। ডিমের পুষ্টিগুণ, সুস্বাস্থ্য গঠনে ডিমের ভূমিকা এবং পুষ্টিকর খাদ্য হিসেবে ডিমের গুরুত্ব তুলে ধরা হয়।

