স্টাফ রিপোর্টার : রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির সুস্থতা কামনা করেন দোয়া ও মোনাজাত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন ও সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। নিউ গভ. ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছে। আমি আশা করি, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভ. ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নিউ গভ. ডিগ্রি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, নিউ গভঃডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার।
অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

