উমংনু মারমা, বান্দরবান : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান অডিটরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
এ সময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। দুর্গাপূজা উদ্যাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
পুলিশ সুপার বলেন, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

