নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

অক্টোবর ১৭, ২০২৬ ৯:০৪ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সড়কের বিভাজকে নতুন রং। পুরোনো স্থাপনায় তুলির ছোঁয়া। কোথাও চলছে সড়ক সংস্কার, কোথাও পরিচ্ছন্নতার কাজ। নগরীকে দৃষ্টিনন্দন করে তুলতে ব্যস্ত কর্মীরা। তাঁদের তুলির আঁচড় আর শ্রমে বদলে যাচ্ছে রাজশাহীর চেনা চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নগরজুড়ে চলছে এই প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাঁদের প্রত্যাশা, প্রিয় নেতাকে বরণ করবেন সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে।

আরও পড়ুনঃ  বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর। এ উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর বিমান চত্বর এলাকায় দেখা যায়, রংমিস্ত্রিরা বিভিন্ন স্থাপনায় রং করছেন। কেউ তুলির আঁচড়ে পুরোনো স্থাপনাকে নতুন রূপ দিচ্ছেন, কেউ ব্যস্ত রঙের শেষ প্রলেপ দিতে। পাশেই পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। সবার লক্ষ্য, প্রধানমন্ত্রীর আগমনের আগে নগরীকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলা।

রংমিস্ত্রি আমিনুল ইসলাম বললেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তাঁকে স্বাগত জানাতে আমরা তুলির আঁচড়ে নগরীকে রাঙিয়ে তুলছি। কাজটি করতে পেরে ভালো লাগছে। আমরা চাই, প্রধানমন্ত্রী এসে আমাদের সুন্দর ও পরিচ্ছন্ন নগরী দেখুন।’

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাজশাহী সিটি করপোরেশনও (রাসিক) পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করেছে। সড়ক বিভাজকে রং করা হচ্ছে। প্রয়োজনীয় সড়ক সংস্কারের পাশাপাশি বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বাড়ানোর কাজ চলছে। নগরীর পরিবেশ উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাজশাহীতে এটিই প্রথম সফর। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, তাঁর এই সফর রাজশাহীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ  বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

তিনি আরও বললেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজও জোরদার করেছে সিটি করপোরেশন। বিপুল জনসমাগম ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে চান তাঁরা।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁকে বরণ করে নিতে রাজশালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই, পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন নগরীর মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এবং সফরটি স্মরণীয় করে রাখতে।’

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর মতে, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও সফরটি নতুন আশার বার্তা নিয়ে আসতে পারে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বললেন ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমন আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখার জন্য রাজশালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি জানালেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকে রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং পরিবেশ উন্নয়নের কাজ চলছে।

উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিমান অবতরণের স্থান, ভিআইপিদের যাতায়াতের রুট, ধর্মসভা মন্দির, সার্কিট হাউজ এবং জনসভাস্থলে পৃথক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।