নাটোর প্রতিনিধি : নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। সে সময় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়েমুচড়ে গেছে। এতে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজনের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

