স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে জুয়া প্রতিরোধে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়ি এজেন্ট গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, রাউটার, ১১টি স্মার্টফোন, নগদ এক লক্ষ টাকা এবং অন্যান্য ইলেকট্রনিক আলামত জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার একুশে ভবনের ৪র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কাঞ্চনপুর গ্রামের মোঃ আলফাজ মুন্সীর ছেলে এবং বর্তমানে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মোঃ মাসুদ রানা (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আসামি মোঃ মাসুদ রানার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, একটি বিশেষভাবে প্রস্তুতকৃত কম্পিউটার সিপিইউ, একটি রাউটার, একটি ইউপিএস, বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১টি স্মার্টফোন এবং নগদ এক লক্ষ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস প্রাথমিকভাবে পর্যালোচনা করে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে দুটি আইফোনে চড়ষুসধৎশবঃ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং সংশ্লিষ্ট ইউজার আইডির মাধ্যমে ডলার লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়া কয়েকটি ডিভাইসে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অ্যাপ, ভিপিএন এবং টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। একটি ডিভাইসের টেলিগ্রাম টেক্সট হিস্টোরিতে ৫০০টির অধিক জিমেইল আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মোঃ মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বিভিন্ন অনলাইন জুয়া ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

