এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের বিদায় এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎকে বরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় পুঠিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের পুঠিয়ায় কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড, জনসেবায় তাঁর ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে তাঁকে শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
একই সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎকে পুঠিয়া উপজেলায় স্বাগত জানানো হয়। তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার উদ্দেশ্যে বক্তারা বলেন, সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে থেকে জনগণের সেবা নিশ্চিত করা এবং ভূমি-সংক্রান্ত সেবা সহজ ও জনবান্ধব করতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে বিদায়ী এসিল্যান্ড শিবু দাসকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয় এবং নবাগত এসিল্যান্ড প্রসনজিৎকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

