স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৪ জন গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রাম হতে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শাহাদাত হোসেনের বসতবাড়ি হতে ভোর ৪:১৫ ঘটিকায় চুরি হওয়া ১টি iPhone 15 Pro Max, ইউএস ডলার, ১ টি ম্যাসেজ বেড, ১ টি ল্যাকেস, ৪ টি প্লাস্টিকের বক্স এবং নগদ অর্থ উদ্ধারসহ ৪ জন চোরকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ মোজাম্মেল হক (৩২) ২। মোঃ সোহান রহমান (২৩) ৩। মোঃ রুবেল আহমেদ (৩৮) এবং ৪। মোঃ শাহাদত হোসেন (৫২)। মোঃ মোজাম্মেল হক রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের পুত্র, মোঃ সোহান রহমান একই জেলার পুঠিয়া থানার গন্ডগোহালী জামতলা গ্রামের মোঃ আঃ কুদ্দুসের পুত্র, মোঃ রুবেল আহমেদ একই জেলার একই থানার বারই পাড়া গ্রামের মোঃ আকবর আলীর পুত্র এবং মোঃ শাহাদত হোসেন একই জেলার একই থানার তারাপুর গ্রামের মৃত দুলু প্রামানিকের পুত্র।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ১৩ অক্টোবর বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে) পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের কাভার্ড ভ্যান ভর্তি মালামাল নিয়ে ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়ে নাটোর হরিশপুর বাইপাস মোড়ে ড্রাইভার গাড়ির তালা চেক করে গত ১৪ অক্টোবর সময় অনুমান ৪.২৫ ঘটিকায় পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে রওনা করেন। ঐ দিন ভোর অনুমান ৫.০৫ মিনিটে পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামস্থ নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পিছন থেকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে করে চলন্ত অবস্থায় আবদ্ধ কাভার্ড ভ্যানের তালা ভেঙ্গে কাভার্ড ভ্যান হতে লাগেজ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়েছে মর্মে পিছন থেকে আসা অন্য একটি গাড়ির ড্রাইভার কভার্ড ভ্যানের চালককে জানায়। তখন কাভার্ড ভ্যান চালক সজীব শোনা মাত্রই উক্ত ঘটনাস্থলে রাস্তার পাশে কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে দরজায় লাগানো তালা ভাঙ্গা এবং দরজা খোলা দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে গাড়ির মালিককে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে গাড়ির মালিক গাড়ি নিয়ে দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য বললে ড্রাইভার গাড়ির দরজা লাগিয়ে রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় রওনা হয়ে রাজশাহী শহরের রাজপাড়া থানাধীন হোটেল গ্রান্ড রিভারভিউ এ পৌঁছিয়ে বিকেএসপির সদস্যদের বর্ণিত চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। অতপর কার্ভাড ভ্যান হতে লাগেজগুলো নামানোর সময় দেখা যায় যে, বিসিবি ডিভিশন ক্রিকেট টিমের মোট ৫৪টি লাগেজ এর মধ্যে ৪৬টি লাগেজ পাওয়া যায়; বাঁকি ৮টি বিভিন্ন সাইজের লাগেজসহ মালামাল চোর চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় সাধরণ ডায়েরী (জিডি) নং-১১৬, তারিখ-১৪/১০/২০২৬ খ্রি. মূলে একটি সাধরণ ডায়েরী করেন; যার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার গোয়েন্দা শাখার একটি চৌকস দল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে; রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামের গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ শাহাদাত হোসেনের বসতবাড়ি হতে ভোর ৪:১৫ ঘটিকায় ১ টি ল্যাগেজ, ১ টি ম্যাসেজ বেড, ৪ টি প্লাস্টিকের বক্স, ১ টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, নগদ অর্থ ৮,০০০ টাকা, চুরির কাজে ব্যবহৃত তালাভাঙ্গা যন্ত্রপাতি এবং ১ টি মোটরসাইকেল উদ্ধারসহ ৪ (চার) জন চোরকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১ নং অভিযুক্ত মোঃ মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী জেলায় ২টি, টাঙ্গাইল জেলায় ২টি ও নাটোর জেলায় ১টি মামলা; এবং গ্রেফতারকৃত ২ নং অভিযুক্ত মোঃ সোহান রহমানের বিরু্দ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মামলাসহ গ্রেফতারকৃত ৩ নং অভিযুক্ত মোঃ রুবেল আহমেদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মামলা রয়েছে।
এ চুরির ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

